ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বাকি পাঁচ পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

স্বতন্ত্রদের মধ্যে সমাজসেবা সম্পাদক হয়েছেন যুবাইর বিন নেছারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী। সদস্য পদে জয়ী হয়েছেন হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

ভিপি পদে ঐক্যবদ্ধ জোটের মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট। জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মুহা. মহিউদ্দীন খানও জয়ী হয়েছেন একই জোট থেকে।

এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, মানবাধিকার ও আইন সম্পাদকসহ আরও ২০ পদে জোটের প্রার্থীরা জয় পেয়েছেন। সদস্য পদেও বিপুল সংখ্যক প্রার্থী নির্বাচিত হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। শান্তিপূর্ণ পরিবেশে শেষ হওয়া এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন।