বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বালিয়াডাঙ্গী উপজেলার এক দশম শ্রেণির ছাত্রী। নিহত শিক্ষার্থীর নাম হুমায়রা আক্তার মিম। তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মিম বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেঙ্গল জিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। লেখাপড়ার সুবাদে তিনি ঠাকুরগাঁও শহরে তার চাচার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। তার বাবা-মা দুজনেই ঢাকায় চাকরি করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, মিম তার বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার জানিয়েছিলেন। তবে বাবা রাজি না হওয়ায় তিনি অভিমানে মানসিকভাবে ভেঙে পড়েন। এছাড়াও পরীক্ষার ফলাফল ও পারিবারিক চাপ নিয়ে তিনি হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।

ঘটনার দিন (১৬ জানুয়ারি) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নোটে তিনি লিখেছেন—
“Result-দের জন্যই আমার জন্ম তাই না… So I am giving you my last Result।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।