ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রায় ৫৫ বছর পর ফালডাঙ্গী ও দস্তমপুর গ্রামের পাশে নোনা খালের বুকে জেগে ওঠা চরের ওপর ৪০০ মিটার সরকারি রাস্তা ফিরে পেয়েছেন গ্রামবাসী। সরকারি বরাদ্দ না থাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে গ্রামবাসীর স্বেচ্ছা শ্রম ও অর্থায়নে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফালডাঙ্গী গ্রামে সরেজমিনে গিয়ে এ কার্যক্রম দেখা যায়। স্থানীয়রা জানান, একসময় নোনা খালের ভাঙনে ৪০০ মিটার এই রাস্তা বিলীন হয়ে যায়। দুই বছর আগে সরকারিভাবে নোনা খাল সংস্কার ও ক্যানেল খনন করা হলে দুই পাড়ের জলাবদ্ধতা দূর হয়। এতে রাস্তার পাশাপাশি আশপাশের কৃষিজমিও চাষাবাদের উপযোগী হয়ে ওঠে।
ফালডাঙ্গী গ্রামের আলতাফুর রহমান বলেন, নোনা খাল সংস্কারের ফলে দীর্ঘ ৫৫ বছর পর আমরা এই রাস্তা ফিরে পেয়েছি। কিন্তু সরকারি কোনো বরাদ্দ না থাকায় যুবসমাজের নেতৃত্বে গ্রামবাসীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে স্বেচ্ছায় শ্রম দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় যুবক সুজন জানান, রাস্তা ও নোনা খালের ওপর একটি সেতু না থাকায় বর্ষাকালে গ্রামে কেউ মারা গেলে লাশ কলার ভেলায় করে গোরস্থানে নিতে হয়। রাস্তা ও একটি সেতু নির্মিত হলে তিনটি গ্রামের প্রায় তিন হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
যুবসমাজের প্রতিনিধি শামীম ও মেহেদী বলেন, বিলীন হয়ে যাওয়া রাস্তাটি গ্রামবাসীর সহযোগিতায় স্বেচ্ছা শ্রম ও অর্থায়নে নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এলাকাবাসীর ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং কাজ চলমান রয়েছে।





