ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের মৃত্যু হয়েছে। নিহত শহিদুল ইসলাম (৪৫) পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল পুলিশ সদস্য ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযানে যান। এক আসামিকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা তাকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
ঘটনায় পুলিশ প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।





