জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারী (আনুমানিক বয়স ৩০ বছর) গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুর আনুমানিক ১টার দিকে আক্কেলপুর রেলস্টেশনে পৌঁছানোর আগে স্টেশনের আউট সিগনালের কাছে জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত নারীকে মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে। তিনি কথা বললেও কোনো প্রশ্নের সঠিক সাড়া দিচ্ছিলেন না। এ কারণে এখনো পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসির সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।