যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার হোয়াইট হাউসে প্রথম সরাসরি বৈঠক করেছেন, যা অত্যন্ত সুষ্ঠু ও ফলপ্রসূ হয়েছে। এই বৈঠকে তাঁরা একে অপরের প্রশংসা করেছেন এবং হাস্যোজ্জল মুখে একে অপরের সঙ্গে সময় কাটিয়েছেন। পাশাপাশি নিউইয়র্কে অপরাধ দমন ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

এর আগে কয়েক মাস ধরে ট্রাম্প ও মামদানি প্রকাশ্যে রাজনৈতিক বিরোধে জড়িয়ে পড়েছিলেন, একে অপরকে বক্তব্য ও সমালোচনায় আঘাত করেছেন। তবে বৈঠকে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চিহ্ন দেখা গেছে।

ট্রাম্প ও মামদানি রাজনৈতিকভাবে সম্পূর্ণ ভিন্ন দলে এবং ভিন্ন মতাদর্শের মানুষ। রিপাবলিকান ট্রাম্প ধনী ব্যবসায়ী, আর ডেমোক্র্যাট সোশ্যালিস্ট মামদানি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তরুণ। অভিবাসন নীতি থেকে অর্থনৈতিক বিষয়ে প্রায় সবেতেই তাঁদের মতপার্থক্য রয়েছে। তবুও প্রথম বৈঠকে তাদের মধ্যে এক ধরনের সখ্য তৈরি হয়েছে।