ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সোমবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে ওয়াশিংটন যাচ্ছেন। শনিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর—দ্য গার্ডিয়ান।


জেলেনস্কি লিখেছেন, “সোমবার আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুদ্ধ অবসানের প্রতিটি দিক নিয়ে আলোচনা করব। আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “আমরা ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাবকে সমর্থন করি। নেতাদের স্তরে মূল বিষয়গুলো সমাধানের জন্য ত্রিপক্ষীয় বৈঠকই সবচেয়ে কার্যকর উপায়।”


ওয়াশিংটনে জেলেনস্কি-ট্রাম্প বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে আলাস্কায় ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনার পর। শুক্রবারের সেই বহুল আলোচিত বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতা না হলেও ট্রাম্প দাবি করেন, আলোচনা ইতিবাচক অগ্রগতি এনেছে এবং এর ভিত্তিতে একটি চুক্তি সম্ভব। তার ভাষায়, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা জেলেনস্কির।


এদিকে জেলেনস্কি জানিয়েছেন, পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে ইউরোপীয় নেতাদের উপস্থিতি জরুরি। বিশ্লেষকদের মতে, ইউক্রেনের এই অবস্থানের পেছনে কৌশলগত হিসাব রয়েছে। ইউরোপীয় দেশগুলোকে অন্তর্ভুক্ত রাখলে একদিকে রাশিয়ার সঙ্গে আলোচনায় ট্রাম্পের ওপর চাপ বাড়বে, অন্যদিকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তাও আরও জোরদার হবে।