বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ট্রাভেল পাস পেয়েছেন। আগামী ২৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। সম্প্রতি তিনি ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সেই ট্রাভেল পাস হাতে পান তিনি।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।”
এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় আরও স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় এক মাস ধরে চিকিৎসা চললেও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি জানান, শুক্রবার তাকে একটি ছোট প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয়েছে, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আইসিইউ সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হচ্ছে, যাতে চিকিৎসা প্রক্রিয়া অব্যাহত থাকে এবং বেগম খালেদা জিয়া দ্রুত আরও সুস্থতার দিকে এগিয়ে যেতে পারেন।
এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, আগের অবস্থার তুলনায় এখন তার শারীরিক অবস্থা ভালো এবং স্থিতিশীল। তার সার্বিক সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।





