সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের বাংলাদেশের সীমানা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ ৭ জন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায়।
বুধবার (২৯ অক্টোবর) কক্সবাজারের টেকনাফের কায়ুকখালীয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কায়ুকখালীয়া পাড়ার বাসিন্দা শওকত আলমের ছেলে শাওন আহমেদের মালিকানাধীন ট্রলার সেন্ট মার্টিন দ্বীপের অদূরে সীঁতা এলাকায় মাছ ধরার সময় মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে ঢুকে তাদের জিম্মি করে নিয়ে যায়।
এর আগে, সোমবার (২৭ অক্টোবর) বিকেলে নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় মিয়ানমারের জলসীমা অতিক্রম করার অভিযোগে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার আব্দুর রহমান (৩৮), আবুল কালাম (৪০), শফি আলম (১৯) ও আরও একজন রোহিঙ্গা জেলেকে আটক করে। তারা এখনও মুক্তি পায়নি।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, “স্থানীয় সূত্রে একটি ট্রলারসহ ৭ জন জেলের আটক হওয়ার খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। বিজিবি ও কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে।”
বিজিবি সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ৩২২ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে কিছু জেলেকে ফেরত আনা সম্ভব হলেও ১৭টি ট্রলারসহ ১৩৩ জন এখনও মুক্তি পায়নি।





