কক্সবাজারের টেকনাফে মানবপাচার ও অপহরণ চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়ে অন্তত ৮০ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধার হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় পাচারকারীরা পাহাড় থেকে যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ও পাথর নিক্ষেপ করে।
টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, টেকনাফ সীমান্ত দিয়ে মানবপাচার, অপহরণ ও মুক্তিপণের ঘটনা ক্রমেই বাড়ছে। এসব দমন করতে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী টেকনাফের রাজারছড়া এলাকার একটি দুর্গম পাহাড়ি আস্তানা ঘিরে এ অভিযান পরিচালনা করে। এ সময় অপহরণ ও মানবপাচারকারীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। উপর থেকে পাথরও নিক্ষেপ করে তারা। পরে সেখানে অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জনকে উদ্ধার ও ৪ পাচারকারীকে আটক করা হয়।
অভিযানে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড এমুনিশন উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।





