কক্সবাজারের টেকনাফে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী।

উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছেন ১৮ নারী, ১২ পুরুষ ও ৮ শিশু। কোস্টগার্ড জানায়, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাঁদের ওই পাহাড়ে আনা হয়েছিল। অধিকাংশই রোহিঙ্গা নাগরিক। এ সময় পাচারচক্রের দুই সদস্যকে আটক করা হয়। তাঁরা টেকনাফ উপজেলার বাসিন্দা হলেও বিকেল পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটক দুই পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানব পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে কোস্টগার্ডের অভিযান চলমান থাকবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, উদ্ধার হওয়া ৩৮ জনকে প্রাথমিকভাবে সুরক্ষায় রাখা হয়েছে এবং আটক দুজনকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাঁদের শনিবার আদালতে পাঠানো হবে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, চলতি বছর টেকনাফে মানব পাচারের ঘটনায় এ পর্যন্ত ৭০ পাচারকারীকে গ্রেপ্তার এবং নারী-শিশুসহ ২৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। শীত মৌসুমে এ ধরনের ঘটনা আরও বাড়ে।