ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন তানভীর বারী হামিম। নির্বাচনে পরাজিত হলেও তিনি এখনও রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে, সক্রিয় রয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) একটি ফেসবুক পোস্টে তিনি এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ আলমের এক মন্তব্যের কড়া সমালোচনা করেন এবং তাকে টলস্টয়ের গল্প থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
“আমরা যারা রাজনীতি করি, আমাদের জানা জরুরি—কোথায় থামতে হবে, কী বলা গ্রহণযোগ্য এবং শালীন। কিন্তু দুঃখজনকভাবে ব্যারিস্টার ফুয়াদ সাহেব সেই সীমারেখা মেনে চলেননি।” তিনি দাবি করেন, ব্যারিস্টার ফুয়াদ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে একটি অবমাননাকর মন্তব্য করেছেন, যা অত্যন্ত আপত্তিকর।
“ছাত্রদলের ছেলেদের দেখলে তার গাঁজাখোর মনে হয়—এমন একটি শব্দ তিনি ব্যবহার করেছেন। এ কথা শুনে চোখের সামনে ভেসে উঠেছে সেই আওয়ামী বয়ান—যেখানে শহীদ আবু সাঈদকে গাঁজাখোর-টোকাই বলে অপমান করা হয়েছিল।”
“ব্যারিস্টার ফুয়াদ বিলেত থেকে ডিগ্রি এনেছেন ঠিকই, কিন্তু কখন থামা উচিত, কীভাবে সীমা রক্ষা করতে হয়, সে শিক্ষা বোধহয় এখনও গ্রহণ করেননি। তার কথাবার্তা শুনে মনে পড়ে গেল টলস্টয়ের বিখ্যাত গল্প ‘সাড়ে তিন হাত জমি’। সেই গল্পের পাখোমের মতোই তিনি জানেন না কখন থামা প্রয়োজন।”
এ সময় তিনি ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ করে বলেন,
“ক্ষমতা বা অবস্থান থাকলে সেটা আরও দায়িত্বশীল আচরণ দাবি করে। আপনি যদি সত্যিই গণতান্ত্রিক শক্তির প্রতিনিধি হতে চান, তাহলে ভাষা ও আচরণে তার প্রতিফলন থাকা উচিত।”
“ছাত্রদল অতীতে যেমন শহীদ আবু সাঈদের রক্ত দিয়েছে, ভবিষ্যতেও প্রয়োজনে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় জীবন দিতে প্রস্তুত। কিন্তু পিআর পদ্ধতির নামে অসম ব্যবস্থার ষড়যন্ত্র চালিয়ে জাতীয় নির্বাচন ব্যাহত করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না।”
“ছাত্রদল অন্যায়-অবিচারের বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে। যারা জনগণের কণ্ঠস্বর দাবিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই আন্দোলন চলবে।”





