গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে টঙ্গী বিসিক এলাকায় এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ এবং ব্রাভো অ্যাপারেলস লিমিটেডে এ ঘটনা ঘটে।


ব্রাভো অ্যাপারেলসের শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো সকালে কাজ শুরুর কিছুক্ষণ পর কারখানার পঞ্চম তলা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। এর পরপরই একে একে শ্রমিকরা অসুস্থ হতে শুরু করেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কারখানার বিভিন্ন ফ্লোরে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।


শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, ‘মা আওয়ার টাওয়ার’ ও ‘আলম টাওয়ারে’ অবস্থিত কারখানাগুলোর শ্রমিকরাই বেশি আক্রান্ত হন। তাদের দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।


অন্যদিকে, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজের শ্রমিকরা জানান, গত সোমবার দুপুরের পর কারখানার কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। গতকালও কারখানার কয়েকটি ফ্লোর বন্ধ ছিল। বুধবার সকালে কাজ শুরু করার পর আবারও শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। পরে দুই কারখানা থেকেই অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্থান সংকট দেখা দিলে অনেককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশপাশের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।


টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাহিদ সুলতানা জানান, আক্রান্ত শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্টের লক্ষণ দেখা গেছে। তবে বর্তমানে অধিকাংশ শ্রমিক আশঙ্কামুক্ত।

শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দুই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালাচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।