টঙ্গী প্রতিনিধি: টঙ্গীতে কিশোর গ্যাং হামলায় এক যুবক চার আঙুল হারিয়েছেন। আহত যুবকের নাম তাসরিফ (২৫)। স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে টঙ্গীর ভরান এলাকায় এই ঘটনা ঘটে। একই ঘটনায় তাসরিফের সঙ্গে থাকা গ্রুপের আরও দুই সদস্য আবির (২৪) ও সিয়াম (২৪) আহত হন।
পুলিশ জানায়, রাতে ভরান এলাকায় দুটি কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা সংঘবদ্ধ হন। আধিপত্য বিস্তারের উত্তেজনায় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ‘ভরানের সৈকত বাহিনী’ নামের কিশোর গ্যাং তাসরিফ বাহিনীর প্রধান তাসরিফের বাম হাতের চারটি আঙুল কেটে দেয়। এ সময় আবির ও সিয়ামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। সংঘর্ষের পরে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের চিকিৎসক তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, দুটি কিশোর গ্যাং দুই দফায় সংঘর্ষে জড়ায়। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





