ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার যাদবপুর বাজারে জামায়াতের গণসংযোগ চলাকালীন এই ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। মহেশপুর থানায় উপজেলা জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে যাদবপুর গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল, মন্টু মিয়ার ছেলে ছফর আলী, সবুজ মিয়া, সাইদুল ইসলাম, রেজাউলের ছেলে হাসান আলী, মোজাম্মেলের ছেলে সাইদ এবং ইরশাদ মেম্বারের ছেলে হবিবার রহমানের নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গণসংযোগ শেষ হওয়ার পর মাগরিবের নামাজের সময় জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে বাক্যালাপের এক পর্যায়ে উত্তেজনা তৈরি হয়। পরে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মদ বলেন, “যাদবপুর বাজারে গণসংযোগ শেষে মাগরিবের নামাজে যাচ্ছিল আমাদের নেতাকর্মীরা। এই সময় বিএনপির কর্মীরা হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছে। আমরা মহেশপুর থানায় লিখিত অভিযোগ করেছি।”
অপরদিকে, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, “আমি ঢাকায় আছি। যাদবপুর বাজারে আমাদের কয়েকজন কর্মীকে মারধর করেছে জামায়াতের কর্মীরা। এর বেশি আমি জানি না।”
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ এসেছে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”





