জয়পুরহাট প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট–২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহার করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।


সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদন জমা দিয়ে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেন।


মনোনয়ন প্রত্যাহার শেষে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, “দলের প্রতি আনুগত্য এবং বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি। আমার নির্বাচনী এলাকার কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান—আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন।”


উল্লেখ্য, জয়পুরহাট–২ আসনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরবর্তীতে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও ছিল তার। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত ও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।