জয়পুরহাট প্রতিনিধি: জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি এবং জুলাই সনদে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অন্তর্ভুক্তসহ পাঁচ দফা দাবির অংশ হিসেবে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহরের শহীদ আবুল কাশেম ময়দান গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা উল্লেখ করে বলেন, “বাংলাদেশে অতীতে মহিলা সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে পিআর পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, তাই এটি দেশের জন্য নতুন কোনো ধারণা নয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমীর ও জয়পুরহাট-১ আসনের বাংলাদেশ জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ। জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়ার পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, জামায়াত মনোনীত জয়পুরহাট-২ আসনে সংসদ সদস্য প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেনসহ অনেকে।
সভাপতির বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিকে জুলাই সনদের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের ব্যবস্থা করতে হবে। অন্যথায় জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হবে না।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করবে।”





