জয়পুরহাট প্রতিনিধি: হাড় কাঁপানো শীতের তীব্রতা যখন জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, ঠিক তখনই সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জয়পুরহাটের সীমান্ত অঞ্চলে ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বিজিবি।


শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় জয়পুরহাটের কাশিয়া বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং একই সঙ্গে বিজিবির মেডিকেল টিমের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান। এছাড়া উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোহাম্মদ লতিফুল বারী, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহদী জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে কর্নেল মো. ফয়সাল হাসান খান বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, জনকল্যাণমূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। দুর্যোগ ও সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”


তিনি আরও বলেন, “শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা এবং তাদের জীবনে সামান্য উষ্ণতা ছড়িয়ে দেওয়াই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও বিজিবির মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”


শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, বিজিবির এই উদ্যোগ শীতকালে অসহায় মানুষের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে।