জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে গভীর রাতে প্রতিবেশীদের মাঝে লাগা ঝগড়া থামাতে গেলে এক পক্ষের ধাক্কায় আব্দুল খালেক (৭০) নামের এক বৃদ্ধের মৃ ত্যু হয়েছে। 


শনিবার (১৮ অক্টোবর) সকালে তথ্য নিশ্চিত  করেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত (ওসি) নিয়ামুল হক। নিহত খালেক ঐ গ্রামের মৃত আব্দুল গনির পুত্র।  এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই গ্রামে এ ঘটনা ঘটে। 


স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার উচাই গ্রামের খালেকের পুত্র আনোয়ার হোসেনের পুকুরে নেমে তারই বোন আঞ্জুয়ারা মাছ ধরেন। এটি জানতে পেরে আনোয়ার তার বোনকে গালিগালাজ করেন। পরবর্তীতে এ নিয়ে আবারও রাত ১১ টার সময় আনোয়ার,তার বন্ধু ও  প্রতিবেশি নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা আঞ্জুয়ারার উঠানে গিয়ে ঝগড়াঝাটি শুরু করেন। এসময় বৃদ্ধ আব্দুল খালেক এত রাতে ঝগড়াঝাটি না করতে তাদের নিষেধ করতে গেলে প্রতিবেশি নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা বৃদ্ধ খালেককে সজোরে ধাক্কা  দেয়। তাদের ধাক্কায় আব্দুল খালেক মাটিতে রাখা বাঁশের উপর পড়ে মাথায় গুরুত্বর  আঘাত পেয়ে অসুস্থ্য হয়ে পড়েন । পরে তার অবস্থা অবনতি হলে রাতেই পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । 


পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, প্রতিবেশীদের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।