জয়পুরহাট প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবাই এ দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন। বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে ছায়ার মতো থাকবে, যাতে কোনো দুষ্কৃতকারী বা চক্রান্তকারী ক্ষতি করতে না পারে।”
তিনি আরও বলেন, দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও স্বাধীনভাবে ধর্ম পালন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট ঋষিকেশ সরকার, সাধারণ সম্পাদক এডভোকেট স্বপন তালুকদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নন্দকিশোর আগরওয়ালা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উৎপল কুমার বাবু ও সদস্য সচিব পলাশ রায়সহ অনেকে।





