জয়পুরহাট প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট–১ (সদর ও পাঁচবিবি) আসনে ১১ দলীয় জোটভুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নারী সমাবেশ ও মিছিল।

রোববার সকাল ১১টায় জয়পুরহাট শহরের ডা. আবুল কাশেম ময়দানে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাইদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম কিবরিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন,
“দেশ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নারীদের সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত বিশেষ অতিথিরা বলেন, নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন।

সমাবেশে বিপুল সংখ্যক নারী নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।