জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে লোকমান হাকিম (৪০) নামের এক মাদকসেবীকে শাসন করায় ক্ষুব্ধ হয়ে ওই মাদকসেবী ঘটনার তিন দিন পর আমির হোসেন (৭৬) নামের ইউপি সদস্যের মাথায় আঘাত করে গুরুতর যখম করেছেন। এ ঘটনায় ওই ইউপি সদস্যর ছেলে বাদি হয়ে থানায় একটি মামলা করলে পুলিশ ওই মাদকসেবিকে আটক করে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা রাতে উপজেলার রায়কালী ইউনিয়নের চন্দনদীঘি বাজারে এ ঘটনা ঘটেছে। আহত ইউপি সদস্য বর্তমানে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অভিযুক্ত মাদকসেবী লোকমান হাকিম রায়কালী ইউনিয়নের চিয়ারীগ্রামে তাঁর দুলা ভাইয়ের বাড়িতে বসবাস করেন।
আহত ইউপি সদস্যের পরিবার, স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত লোকমান হাকিম দীর্ঘদিন ধরে তার দুলাভাইয়ের বাড়িতে বিভিন্ন লোকজন নিয়ে এসে মাদক সেবন করতেন। এ বিষয়ে স্থানীয় লোকজন ইউপি সদস্যকে অবগত করলে গত সোমবার ইউপি সদস্য আমির হোসেন চৌকিদারকে সঙ্গে নিয়ে লোকমান হাকিমের দুলাভাইয়ের বাড়িতে গিয়ে লোকমান হাকিমকে মাদক সেবন করতে নিষেধ করেন। এসময় ইউপি সদস্যে আমির হোসেন শাসন করার ছলে লোকমান হাকিমের গালে একটি চড় দেন। পরে ইউপি সদস্য চৌকিদারকে নিয়ে সেখান থেকে চলে আসেন।
এরপর বুধবার সন্ধ্যায় ইউপি সদস্য আমির হোসেন চন্দনদীঘি বাজারে গিয়ে একটি ঔষুধের দোকানের সামনে বসে থাকেন। এমন সময় লোকমান হাকিম পাশের একটি ছ'মিল থেকে কাঠের বাটাম এনে ইউপি সদস্য আমির হোসেনের মাথায় আঘাত করেন। এতে আমির হোসেন মাথা ফেটে যায়। আঘাত করে পালানোর সময় তাঁকে বাজারের লোকজন আটক করে পুলিশে খবর দেন। পরে রাত ৮ টার সময় পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
গ্রামের বাসিন্দা বাচ্চু রহমান বলেন, লোকমান হাকিম মাদক ব্যবসা ও সেবন করেন। আমরা তাঁকে গ্রামের পরিবেশ নষ্ট করতে বারণ করেছিলাম। কিন্তু আমাদের কথা শোনেননি। আমরা বিষয়টি ইউপি সদস্য আমির হোসেনকে জানিয়েছিলাম।
আহত ইউপি সদস্যের ছেলে শিক্ষক হারুনুর রশীদ বলেন, আমার বাবা তাকে মাদক সেবন করতে বারণ করেছিলেন। এ ঘটনায় লোকমান হাকিম কাঠের বাটাম দিয়ে আমার বাবার মাথা ফেটে দিয়েছেন। আমার বাবা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন।
অভিযুক্ত লোকমান হাকিম জানায় , আমি মাদক ব্যবসা করি না। ইউপি সদস্য অযথা আমাকে চড় মেরেছেন। আমি প্রতিশোধ নিতে ইউপি সদস্যের মাথায় আঘাত করেছি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত লোকমানকে গ্রেফতার করা হয়েছে।





