আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার কারণে সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে কঠোর নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পঞ্চগড় জেলার ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল জোরদারের পাশাপাশি বাংলাবান্ধা স্থলবন্দরে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।


শনিবার (৮ মার্চ) সকাল থেকে ১৮-বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দর ও জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে এই বিশেষ অভিযান শুরু করে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত দিয়ে জ্বালানি তেল ও অন্যান্য পণ্য পাচার ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সন্দেহজনক যানবাহন ও পণ্যবাহী ট্রাক নিয়মিত তল্লাশির আওতায় আনা হচ্ছে।


এছাড়া বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের মালামালও নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে বিজিবি জানিয়েছে। কর্তৃপক্ষ বলছে, দেশের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় সম্পদ রক্ষায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অবৈধ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


\r\n\r\n\r\n

স্থানীয়রা মনে করছেন, বিজিবির এই অভিযান সীমান্তে পাচার চক্রের কার্যক্রম কমাতে সহায়ক হবে।