ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটগতভাবে প্রার্থী তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম অংশীদার গণতন্ত্র মঞ্চ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মঞ্চের পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত ছয়টি দল নিজ নিজ প্রার্থী তালিকা প্রস্তুত করবে এবং আগামী ৪ অক্টোবরের সভায় প্রাথমিকভাবে জোটগতভাবে বাছাই করা হবে। এরপর প্রাথমিক তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার ভিত্তিতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি বিএনপি গণতন্ত্র মঞ্চের কাছে প্রার্থী তালিকা চেয়েছে।
সভায় উপস্থিত ছিলেন: শেখ রফিকুল ইসলাম বাবলু, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান (সভাপতিত্বে), মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি, সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক,জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, অ্যাড. হাসনাত কাইয়ূম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক, তানিয়া রব, জেএসডির সিনিয়র সহ-সভাপতি, অন্যান্য কেন্দ্রীয় নেতারা ।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি এবং চলমান রাজনৈতিক আলাপ-আলোচনার বিষয়েও আলোচনা হয়। নেতারা বলেন, সংঘাত নয়— সংলাপ ও সমঝোতার মাধ্যমে দেশের রাজনৈতিক উত্তরণ ঘটাতে হবে।
তারা জানান, এনসিপি, গণঅধিকার পরিষদ ও এবি পার্টির সঙ্গে ইতোমধ্যে প্রথম পর্যায়ের আলোচনা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বাম দল ও অন্যান্য সক্রিয় রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বৃহত্তর ঐক্যের ভিত্তি গড়ে তোলা হবে।
নেতারা বলেন, “বিভিন্ন রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। এখন সময় এসেছে বাকিগুলোতেও সমঝোতায় পৌঁছে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরি করার।”
সভা শেষে গণতন্ত্র মঞ্চ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায় এবং ঘোষণা করে, আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচি শুরু করবে। এরপর দেশের বিভিন্ন জেলার পূজামণ্ডপ পরিদর্শন করবে গণতন্ত্র মঞ্চের নেতারা।
গণতন্ত্র মঞ্চ জানায়, জনগণের আকাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন আনতেই তাদের জোটবদ্ধ প্রয়াস চলমান থাকবে এবং সেই লক্ষ্যেই তারা আসন্ন নির্বাচনসহ সার্বিক রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করছে।





