ইসরায়েলের টানা হামলার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জেনেভায় অবস্থান করছেন ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবে। তবে, আলোচনায় বসতে ইরান এখনই প্রস্তুত নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।

\r\n

আরাঘচি বলেন, “আমি এখানে ইউরোপীয়দের কথা শুনতে এসেছি, আলোচনায় বসতে নয়। যতক্ষণ ইসরায়েলের আগ্রাসন চলবে, ততক্ষণ আমাদের জন্য আলোচনার পরিবেশ নেই।”

\r\n

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কূটনীতির পথ পুরোপুরি বন্ধ করছে না, তবে চলমান হামলার প্রেক্ষাপটে এখন প্রতিশোধমূলক পদক্ষেপকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

\r\n

পর্যবেক্ষকরা বলছেন, আরাঘচির উপস্থিতি কৌশলগত হলেও বাস্তব অগ্রগতির সম্ভাবনা খুবই সীমিত। কারণ, ইরানের পরমাণু কর্মসূচি, প্রতিরক্ষা সক্ষমতা ও অঞ্চলজুড়ে সামরিক জোট নিয়ে আলোচনার জন্য যে স্থিতিশীল পরিবেশ প্রয়োজন, সেটি এখন অনুপস্থিত।

\r\n

এর আগে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক দফায় কূটনৈতিক আলোচনা চলছিল। কিন্তু ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানীদের নিহত হওয়ার পর পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়।

\r\n

১২ জুন ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসি প্রধান হোসেইন সালামিসহ অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। এর পরপরই ইরান পাল্টা হামলা চালায় এবং উভয় দেশের মধ্যে সংঘর্ষের মাত্রা ক্রমাগত বাড়ছে।

\r\n

বিশ্লেষকরা বলছেন, এই অবস্থা আঞ্চলিক নিরাপত্তা হুমকি আরও বাড়াচ্ছে এবং যে কোনো সময় তা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে।