জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিচার না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে। তারা সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে সংশ্লিষ্ট শিক্ষকদের ছবি টানেন। এই কর্মসূচির মাধ্যমে তারা দ্রুত বিচার দাবি করেছেন।


জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, “জুলাই হামলার মদদদাতা, শিক্ষক নামধারী এসব নৃশংস ব্যক্তিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের ন্যায়সংগত আন্দোলন চলবে। এই ছবি টানানোর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয়ে আগত দর্শনার্থীদের যাতে সহজেই এই শিক্ষকদের অতীত কর্মকাণ্ড জানা যায়। একই সঙ্গে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা।”


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ১৪, ১৫ ও ১৭ জুলাই ২০২৪ সালের ঘটনার সঙ্গে অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের সম্পৃক্ততা যাচাই করার জন্য তদন্ত চলমান রয়েছে। ইতোমধ্যে অভিযোগকারীদের সাক্ষ্যগ্রহণ, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ, ভিডিও পর্যালোচনা এবং অভিযুক্তদের বক্তব্য গ্রহণের কাজ সম্পন্ন হয়েছে।


প্রশাসন আরও জানিয়েছে, অভিযোগ ও সাক্ষ্য বিশ্লেষণ শেষে পুনরায় সাক্ষ্য গ্রহণের কার্যক্রম চলছে। সব কাজ শেষ হলে সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং তা আগামী ১৫ এপ্রিল প্রকাশ করা হবে।