বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 'জুলাই ঘোষণাপত্রে' স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, এর বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমেই হবে। এর বাইরে কোনো বিকল্প প্রক্রিয়ার বিষয়ে বিএনপির জানা নেই।
বুধবার (৬ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পর যেসব প্রস্তাব উঠে এসেছে, তা ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এ সংকলিত হয়েছে। এই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে একটি সম্মিলিত প্রতিশ্রুতি গৃহীত হয়েছে। বিএনপি ইতোমধ্যে তার অবস্থান স্পষ্ট করেছে এবং প্রধান উপদেষ্টার ঘোষণাপত্রেই তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি।”
এর আগে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ঐতিহাসিক এই জুলাই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের পথ তৈরি হবে। গণতন্ত্রের উত্তরণে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। বিএনপি এই ঘোষণাপত্রকে আন্তরিকভাবে স্বাগত জানায়।”
তিনি আরও বলেন, “ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে ঐকমত্যে পৌঁছেছে তা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দ্বার উন্মোচিত হবে।”





