প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আসন্ন জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’ উদ্বোধনের পর তিনি এই আহ্বান জানান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটের সুযোগে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলায় ‘ভোটের গাড়ি’ প্রচারণা চালাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিতে হবে। ভোটাধিকার দয়া নয়, এটি সাংবিধানিক অধিকার। দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোট ও গণভোটের গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, নিস্ক্রিয় থাকা নয়, ভোটে অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। সরকার নির্বাচনের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে। তিনি সবাইকে জুলাই সনদের পক্ষে ভোট দিতে আহ্বান জানিয়ে উল্লেখ করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ হবে।





