জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার হাতে সুপারিশ তুলে দেন। তথ্যটি জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।
এর আগে, সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
সমাপনী বৈঠকে প্রধান উপদেষ্টা গুরুত্বারোপ করেন যে, জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনা, ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণ করা উচিত। তিনি বলেন, “এগুলো মহামূল্যবান সম্পদ। জাতি হিসেবে আমরা কোন প্রেক্ষাপটে, কী প্রক্রিয়ায়, কোন সিদ্ধান্তে পৌঁছালাম, তা দীর্ঘমেয়াদে সংরক্ষণ ও উন্মুক্ত রাখা জরুরি। যত বৈঠক হয়েছে, সেগুলোর ছবি ও ভিডিও, চিঠিপত্র, সব ডকুমেন্ট ক্যাটাগরি অনুযায়ী সংরক্ষণ করতে হবে। টেলিভিশনে লাইভ প্রচারিত আলোচনা খণ্ড খণ্ড আকারে সংরক্ষণ করতে হবে। এগুলো হবে ইতিহাসের চিরজীবন্ত দলিল। গবেষকরা এগুলো দেখে কাজে লাগাতে পারবেন। প্রজন্মের পর প্রজন্ম এই ডকুমেন্ট থেকে উপকৃত হবে। ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হবে এই দলিলগুলো।”
এসময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, কমিশনের কর্মকর্তা-কর্মচারী, গবেষক ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





