ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় এই স্বাক্ষর অনুষ্ঠান। এর আগে বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। বিকেল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

মঞ্চে রাজনৈতিক নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।