জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন,  “জুলাই সনদে এখনই আইনি নিশ্চয়তা দিতে হবে। আজ স্বাক্ষর করে ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে কেউ যদি তা অস্বীকার করে, তাহলে সেটা চলবে না। তাই দলীয়ভাবে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করতে হবে। ব্যক্তি নয়, দলকে এই সনদের দায় নিতে হবে। কেউ যদি দল পরিবর্তন করেন বা মারা যান, তবুও সংশ্লিষ্ট দল যেন সনদকে অস্বীকার করতে না পারে, সেই নিশ্চয়তা এখনই দরকার।”

তিনি দাবি করেন, “জুলাই আহতদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বৃহস্পতিবার রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ৩১তম দিনের দোয়া মাহফিলের আগে এসব কথা বলেন তিনি। মাহফিলটি জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় আয়োজন করা হয়।

রাশেদ প্রধান আরও বলেন, “ক্রেডিট নেওয়ার সময় সবাই এগিয়ে আসে, কিন্তু দায়িত্বের সময় কেউ আওয়াজ করে না।” তিনি বলেন, “হাজারো শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশে আজ আমরা ঐক্য ও অনৈক্যের দোলাচলে ভুগছি। জুলাইয়ের আহতদের আর্তনাদ এখনও থামেনি। অথচ আমরা বিচার ভুলে নির্বাচন ও ক্ষমতার হিসাব করছি।”

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার এবং শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।