বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, জুলাই মাসের আন্দোলনে মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন ‘পলাতক ফ্যাসিস্ট সরকারের’ পতনের আন্দোলনে এমন কোনো দিন ছিল না, যেদিন মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে ছিল না।


রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


আফরোজা আব্বাস বলেন, ছাত্র-জনতার চলমান আন্দোলনে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে রাজপথে সাহসী ভূমিকা পালন করেছে মহিলা দল। ভবিষ্যতে জাতীয় নির্বাচন কিংবা দেশের যেকোনো সংকটে দলটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।


আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা সবাই তাকে বরণ করে নিতে প্রস্তুত।


মহিলা দলের জেলা সভাপতি নীলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ স্থানীয় নেতারা।


\r\n\r\n\r\n\r\n\r\n

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদি এবং সাংগঠনিক সম্পাদক সুলতান বিলকিস লতা।