ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, এই বিপ্লবের চেতনা থেকেই আমরা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সবার জন্য সমান সুযোগসম্পন্ন একটি বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছি।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি ২০২৫’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আজকের আয়োজন শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশের নতুন দিগন্ত। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের তরুণদের স্বপ্ন, সৃজনশীলতা ও প্রতিভাকে তুলে ধরার জন্য ‘নতুন কুঁড়ি’ এক অনন্য প্ল্যাটফর্ম। ধর্ম, বর্ণ, অঞ্চল বা অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে সারাদেশ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় বাছাই করা এই তরুণরাই নতুন বাংলাদেশের পতাকাকে বহন করবে। তারা নিজেদের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে আমাদের সংস্কৃতি, সমাজ ও সভ্যতাকে এগিয়ে নেবে।”
তথ্য উপদেষ্টা বলেন, “বাংলাদেশ বহু সংস্কৃতির, ঐতিহ্যের ও ভাষার দেশ। দীর্ঘদিন ধরে এই বৈচিত্র্যের সৌন্দর্য পুরোপুরি উপলব্ধি করা যায়নি। প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা বাদ পড়েছে, তাদের সাংস্কৃতিক কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়নি। যার ফলে সাংস্কৃতিক ক্ষেত্রে ফ্যাসিবাদী প্রভাব দেখা দিয়েছিল।”
তিনি বলেন, “এখন আমরা চাই সাংস্কৃতিক কাঠামোয় জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে পারে। আমাদের সংস্কৃতির শক্তি হবে অন্তর্ভুক্তি, বৈচিত্র্য এবং মানবতার সম্মিলন। সভ্যতা হবে বাংলার প্রাচীন ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক সম্পদের প্রতিফলন।”
মাহফুজ আলম বলেন, “প্রধান উপদেষ্টার নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রার অংশ হিসেবে বিটিভিকেও স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বিটিভি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটাতে পারবে। আমরা চাই বিটিভি কোনো দলের বা রাজনৈতিক শক্তির হাতিয়ার না হয়ে, সকলের জন্য খোলা সংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। নতুন রিয়েলিটি শো, ভিন্ন বয়স ও পটভূমির প্রতিযোগীদের নিয়ে নতুন অনুষ্ঠান চালু করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
\r\n\r\n\r\n\r\n\r\n
বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “বিজয়ী ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগীদের আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মঞ্চে এসে পৌঁছেছেন, তাদের প্রতিভা, নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে।”





