বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের আগেই প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (২ আগস্ট) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত পুনর্জাগরণ র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, “আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে কল্পনা করেছিলাম, সেই আকাঙ্ক্ষার একটি দালিলিক ভিত্তি থাকা প্রয়োজন। ‘জুলাই ঘোষণাপত্র’ হচ্ছে সেই প্রমাণ, যেখানে থাকবে আমাদের স্বপ্ন ও রূপকল্পের লিখিত রূপরেখা।”
তিনি আরও জানান, ঘোষণাপত্রের দিনক্ষণ চূড়ান্ত না হলেও ৫ আগস্টের মধ্যেই এটি প্রকাশিত হবে। সম্ভবত আজই তারিখ ঘোষণা হতে পারে, অথবা এর আগেই প্রকাশিত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অবদানের কথা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, “ঘোষণাপত্রে সেই অভ্যুত্থানকারীদের ভূমিকার স্পষ্ট ও লিখিত স্বীকৃতি থাকবে। কেন ও কোন প্রেক্ষাপটে এই অভ্যুত্থান সংঘটিত হয়েছিল এবং আমরা তখন কী পথ বেছে নিয়েছিলাম—এসবই এতে তুলে ধরা হবে।”
তিনি আরও বলেন, “বিজয়ের এক বছর পার হয়েছে। আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি, যার একটি বড় অংশ বাস্তবায়নের পথে রয়েছে। যদিও সবকিছু এখনও শেষ হয়নি, তবে আমরা অগ্রগতির পথে রয়েছি।” ২০২৪ সালের ৮ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের রূপরেখা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণে ‘জুলাই ঘোষণাপত্র’ গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।





