ভারতে অবস্থানরত জুলাই গণহত্যার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার দাবিতে এবং ভারতীয় প্রক্সি, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে কর্মসূচি শুরু হবে। এ তথ্য মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মসূচিতে দেশপ্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তারা, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন।
কর্মসূচির সার্বিক নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, “বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি হলো ক্রমাগত ভারতীয় আগ্রাসন। বাংলাদেশের জুলাই-আগস্টের যেসব খুনি ভারতে পালিয়ে আছে, তাদের ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনগণকে সঙ্গে নিয়ে আমরা ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে মার্চ ও প্রতিবাদ করব।”
তিনি আরও বলেন, “ভারতীয় মদদপুষ্ট মিডিয়া এবং রাজনৈতিক দল যেন বাংলাদেশে অনধিকারভাবে কার্যক্রম চালাতে না পারে, তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ জানাব।”





