বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ থেকে ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের বলেছেন, জুলাইয়ে ক্যাম্পাসে যে আমূল পরিবর্তনের জন্য অভ্যুত্থান হয়েছে, নির্বাচিত হলে শিক্ষার্থীদের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া হবে।
বৃহস্পতিবার যুগান্তরকে তিনি বলেন, “বিগত সময়ে শিক্ষার্থীরা এক ধরনের ট্রমার মধ্য দিয়ে গেছে। হলে হলে দখলদারিত্ব চালানো হয়েছে। একটি সিটের জন্য ছাত্রনেতাদের দাসত্ব করতে হয়েছে। আমরা চাই শিক্ষার্থীদের মানবিক মর্যাদা নিশ্চিত হোক—আবাসন, খাবার ও শিক্ষার সুষ্ঠু পরিবেশে।”
আব্দুল কাদের আরও বলেন, “আমরা আগে ইনফরমালি কাজ করেছি। এখন দরকার একটি রাজনৈতিক সমঝোতা ও রূপরেখা। যেমন—আবাসিক হলে রাজনীতি থাকবে কি না, থাকলে কীভাবে থাকবে। এসব বিষয়ে আমরা নীতিগতভাবে কাজ করতে চাই। জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটই আমাদের মূল প্রেরণা।”





