জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক চর্চার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, এই সুযোগ কাজে লাগিয়ে আগামী ১৯ জুলাই ঢাকায় একটি রাজনৈতিক সমাবেশের আয়োজন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির সেলিম উদ্দিন, মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন এবং ইয়াছিন আরাফাত প্রমুখ।
গোলাম পরওয়ার বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে জামায়াতে ইসলামী বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আমরা বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ পেয়েছি। সেই সুযোগেই আমরা এই সমাবেশের আয়োজন করছি, যেখানে সব রাজনৈতিক শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।”
তিনি জানান, সমাবেশের মূল উদ্দেশ্যগুলো হলো:নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনে রাজনৈতিক সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিতের দাবি, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের বিচার ও পুনর্বাসননির্বাচন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (PR) নির্বাচন ব্যবস্থা চালুর দাবি, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও স্থানীয় সরকার নির্বাচনকে কার্যকর করা
তিনি আরও জানান, সমাবেশ সফল করতে ইতোমধ্যে একটি কেন্দ্রীয় কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে এবং সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ কমিশনারের সহযোগিতা চাওয়া হয়েছে, এবং তারা সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন।
সমাবেশে জনসমাগমের কারণে রাজধানীতে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে বলে দুঃখ প্রকাশ করেন পরওয়ার। তিনি বলেন, “আমি দেশবাসীর কাছে আগেই ক্ষমা চাইছি। আমরা মানুষের কল্যাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি।”





