জুলাই আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।


বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান এ বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেন।


ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক আদালতে সোলায়মান সেলিমকে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন আবেদনটি সমর্থন করেন, তবে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন এর বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।


উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ নভেম্বর গভীর রাতে গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। এরপর তার বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।


মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় জুলাই আন্দোলনের অংশ হিসেবে ছাত্র ও জনতা মিলিত হয়ে বিক্ষোভ করছিলেন। ওই আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আন্দোলন চলাকালে আসামিদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।


নিহতের স্ত্রী রোজিনা আক্তার ২০২৫ সালের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে মোট ৩৫১ জনকে এজাহারনামীয় এবং প্রায় ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার এজাহারে সোলায়মান সেলিমকে অন্যতম অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।