রাজধানীর শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) চলতি বছরের ১ সেপ্টেম্বর এক নারীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছিলেন বিএনপির নেতাকর্মীরা। তাকে পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছিলেন, ওই নারী জিয়াউর রহমানের মাজারে গিয়ে কবর খুঁড়তে চাইছিলেন। তিনি দাবি করছিলেন, সেখানে জিয়ার লাশ নেই। সেদিন পুলিশ জানিয়েছিল, নারীর নাম সালমা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর এলাকার বাসিন্দা।
এরপর ১৩ নভেম্বর ধানমণ্ডি ৩২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় আরেক নারী মারধরের শিকার হন। গতকাল শুক্রবার পুলিশ তাকে গত বছরের জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখায়। পুলিশ জানিয়েছে, এই নারীর নামও সালমা বেগম।
\r\n\r\n
এই গ্রেপ্তার এবং মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবার আলোচনায় আসে চন্দ্রিমা উদ্যানে ঘটে যাওয়া ঘটনাটি। নেটিজেনদের দাবি, ধানমণ্ডিতে গ্রেপ্তার হওয়া নারীই সেপ্টেম্বরে জিয়ার মাজারে কবর খুঁড়তে যাওয়া সেই একই ব্যক্তি। তারা দুটি ঘটনার ভিডিও পাশাপাশি তুলনা করে পোশাক, চশমা, চেহারা এবং নামের মিল দেখিয়ে এমন দাবি করছেন।





