বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই—কেয়ামত পর্যন্তও না।”
রবিবার (২০ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর রায় বলেন, “জামায়াতের যেসব দাবি, তা নির্বাচনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই তোলা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে—এ কথা জামায়াত সহ্য করতে পারছে না। এ কারণে তারা অযথা জটিলতা সৃষ্টি করছে।”
তিনি আরও বলেন, “জামায়াত শুধু বাংলাদেশেই নয়, ভারত-পাকিস্তানেও আছে। কিন্তু তারা কখনো জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থসিদ্ধিতেই ব্যস্ত থাকে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সাবেক পররাষ্ট্র সচিব মহসিন আলী খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা ও জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।





