নির্বাচনের আগে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়াকে কেন্দ্র করে ফেনীতে এক জামায়াত কর্মীকে মারধর ও দাড়ি উপড়ে ফেলার অভিযোগ উঠেছে ধানের শীষ প্রতীকের কর্মীদের বিরুদ্ধে।


\r\n

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নুরুল আবছার স্থানীয় ইব্রাহীম মুন্সি বাড়ির বাসিন্দা। অভিযুক্ত যুবদল কর্মী বেলাল হোসেন পাশের বাড়ির বলে এলাকাবাসী জানিয়েছে।

\r\n

ভুক্তভোগী নুরুল আবছারের দাবি, নামাজ শেষে ঘরে ঢোকার পর বেলাল হোসেন অতর্কিতভাবে হামলা চালান। তাকে দাড়ি ধরে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় এবং একপর্যায়ে দাড়ি উপড়ে ফেলা হয়। বাধা দিতে গেলে তার স্ত্রীকেও হেনস্তা করা হয়। নুরুল আবছারের স্ত্রী জানান, নির্বাচনি প্রচারণার সময় আগেও তার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

\r\n

দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালেহ উদ্দিন বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আহত নুরুল আবছারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

\r\n

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, জনগণের ওপর কোনো ধরনের অত্যাচার মেনে নেওয়া হবে না। অভিযুক্ত ব্যক্তি দলের হয়ে কাজ করলেও তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে তারা প্রস্তুত।

\r\n

ফেনীর সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত ব্যক্তি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত বেলালকে এলাকায় পাওয়া যায়নি এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।