বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভিযোগের পর নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত সময়ের আগে চারটি দলকে নির্বাচনী প্রচারণা চালানো থেকে বিরত থাকতে সতর্ক করেছে। সতর্কবার্তার মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস।

২০ জানুয়ারি মঙ্গলবার চারটি দলের প্রধানকে পাঠানো ইসির চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা আইনবিরোধী। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপি প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন যে, কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী ২১ জানুয়ারির আগে উল্লিখিত দলগুলো প্রকাশ্যে সভা, গণসংযোগ ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে ভোট প্রচারণা চালাচ্ছে।

ইসি জানিয়েছে, এসব কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫’-এর বিধি ১৮-এর পরিপন্থি। বিধি অনুযায়ী, নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী পোস্টার, ব্যানার, সভা-সমাবেশ বা জনসংযোগমূলক প্রচারণা করতে পারবে না।

নির্বাচন কমিশনের কর্মকর্তা জানান, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে তারা কঠোর অবস্থানে রয়েছেন। সতর্কবার্তার পরও আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।