বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

রোববার (২৪ আগস্ট) রাজধানীতে জামায়াত আমিরের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পোস্টে বলা হয়, হৃদরোগের সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন জামায়াত আমির। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

সাক্ষাৎকালে ইসহাক দার রাজনীতি, শিক্ষা এবং সমাজকল্যাণে ডা. শফিকুর রহমানের আজীবন অবদানের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাযওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সার্কবিষয়ক মহাপরিচালক ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকায় নিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাঙ্গল।

এদিকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।

ঘণ্টাব্যাপী এই সৌজন্য সাক্ষাৎটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জামায়াত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার সার্বিক সুস্থতা কামনা করেন।

জামায়াত আমিরও এই সাক্ষাৎ ও খোঁজখবর নেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।