জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আকস্মিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরবর্তীতে তাকে দ্রুত একটি হাসপাতালে ভর্তি করা হয়।

রাত সাড়ে ৮টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান। সেখানে জামায়াত আমিরের শয্যার পাশে বসে তার সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও উপস্থিত ছিলেন।

জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে বেশ উদ্বিগ্ন। তিনি ফোন করে আপনার বিষয়ে জানতে চেয়েছেন এবং আপনার আশু সুস্থতা কামনা করেছেন।”

উত্তরে জামায়াত আমির বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমার সালাম জানাবেন।”

ঘটনার একটি ভিডিও বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। পরে সাময়িক বিরতির পর বসে থেকেই তিনি বক্তব্য শেষ করেন। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়।