রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, শনিবার রাতেই মির্জা ফখরুল রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন।
এর আগে বিকাল সোয়া ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মঞ্চে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। বক্তৃতার একপর্যায়ে তিনি মঞ্চে পড়ে যান। নেতা-কর্মীদের সহায়তায় তিনি উঠে দাঁড়ান এবং মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন। পরে দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, ডা. শফিকুর রহমানের রক্তচাপ ও রক্তে চিনির মাত্রা (প্রেশার ও সুগার) স্বাভাবিক রয়েছে। তবে গরমের কারণে তিনি হঠাৎ দুর্বল হয়ে পড়েন। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে দলটি।
উল্লেখ্য, শনিবার সকালে সাত দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়। সকাল ৯টা ৪০ মিনিটে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। দুপুর ২টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল পর্ব। দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান জামায়াত আমির। সেসময় তাকে উচ্ছ্বসিত স্লোগান ও অভ্যর্থনা জানান নেতাকর্মীরা।
তবে বিকেলে বক্তৃতার সময় ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সমাবেশে কিছুটা উদ্বেগ দেখা দেয়। তাৎক্ষণিক সেবাদান ও সতর্কতা ব্যবস্থায় তাকে সামলানো সম্ভব হয় এবং সমাবেশে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। তার মঞ্চে বসে দেওয়া বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।





