পিরোজপুরের মঠবাড়িয়ায় পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে জয় পেয়েছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন ফরাজি। তিনি পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামী ঘোষিত এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির শরীফ মো. আব্দুল জলিলকে পরাজিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে অনুষ্ঠিত ভোটে সাতজন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সংখ্যাগরিষ্ঠ ভোটে শাহাদাৎ হোসেন ফরাজি সভাপতি নির্বাচিত হন। ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এর আগে সোমবার (১৩ অক্টোবর) মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকেরা ভোট দিয়ে সাতজন সদস্য নির্বাচিত করেন, যারা পরে সভাপতি নির্বাচনে অংশ নেন।

এদিকে ফলাফল ঘোষণার পর শুক্রবার (১৭ অক্টোবর) জামায়াতের পক্ষে উপজেলা শাখার সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করেন, শরীফ মো. আব্দুল জলিল এই নির্বাচনের বিষয়ে অবগত ছিলেন না এবং তাকে সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার অনুমতি কেউ নেয়নি। তার অনুমতি ছাড়াই নাম ব্যবহার করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ আরও বলেন, “ভোটের আগে জলিল সাহেব কমিটিতে থাকার বিষয়ে অপারগতা জানিয়েছেন। এরপরও কিছু ব্যক্তি তার নাম প্রস্তাব করেছেন। এখন একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, যেহেতু তিনি এমপি প্রার্থী, তাই তাকে হেয় করার উদ্দেশ্যে এমন অপপ্রচার করা হচ্ছে।”

অন্যদিকে নবনির্বাচিত সভাপতি শাহাদাৎ হোসেন ফরাজি বলেন, “আমি নেছারিয়া দাখিল মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠানকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”