বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ১৪ বছর পর নিজ নির্বাচনী এলাকায় ফিরেই ধানের শীষের প্রচারণায় রাজনৈতিক সৌজন্যের ব্যতিক্রমী উদাহরণ দেখিয়েছেন।


\r\n

যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে দেখা-সাক্ষাৎও বিরল, সেখানে তিনি কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাসায় গিয়ে সবাইকে চমকে দেন।


\r\n

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে কর্মসূচি শেষ করে তিনি ফারুকের বাড়িতে উপস্থিত হন। ফারুকের বাবা নুরুল কবিরের মৃত্যুতে শোক জানাতেই এই সফর। একদিন আগেই নুরুল কবিরের মৃত্যু হয়। পরিবারকে সান্ত্বনা জানানোর পাশাপাশি তিনি ফারুকের সঙ্গে কুশল বিনিময় করেন।


\r\n

তার সঙ্গে ছিলেন স্ত্রী ও সাবেক এমপি হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকসহ দলের সিনিয়র নেতারা। এর আগে সোমবার এক বিবৃতিতেও নুরুল কবিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন সালাহউদ্দিন।


\r\n

বহু বছর পর মঙ্গলবার সকালেই ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান তিনি। এরপর সড়কপথে চকরিয়ার খুটাখালীতে গিয়ে পীর সাহেব আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। দিনজুড়ে খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।