জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।

\r\n

শনিবার (৭ ফেব্রুয়ারি) মিন্টুর পক্ষে তার নির্বাচনি এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন দাগনভূঞা থানায় এ জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান।

\r\n

জিডিতে উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে জামায়াতের একটি নির্বাচনি সভায় দলটির নেতা মেজবাহ উদ্দিন সাঈদ ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টুকে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে মিন্টু কোথায় পালিয়ে যাবেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেছে, আপনাকে কী রেখে পালাতে হবে তা তিনি বলতে চান না।

\r\n

জিডিতে আরও দাবি করা হয়, মেজবাহ উদ্দিন সাঈদসহ জামায়াতের অন্যান্য নেতারা বিভিন্ন সময় ও বিভিন্ন মাধ্যমে মিন্টুকে হুমকি দিয়ে আসছেন। এতে তিনি সম্মানহানির পাশাপাশি নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসবের প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

\r\n

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান বলেন, বিএনপি প্রার্থী তার প্রতিনিধির মাধ্যমে থানায় জিডি করেছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।