জাবি সংবাদদাতা : রবীন্দ্রোত্তরকালের বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস আজ। এই প্রয়াণ দিবস উপলক্ষে আজ বুধবার (১৪ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম আল দীনের প্রয়াণ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে স্মরণযাত্রা, পুষ্পস্তবক অর্পণ ও সেমিনারের আয়োজন করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। দিনব্যাপী এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এ বছর প্রয়াণ দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘ছুটে যেতে যেতে থমকে দাঁড়ায় একজনা।'
কর্মসূচির অংশ হিসেবে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন চত্বর থেকে একটি স্মরণযাত্রা বের করা হয়। স্মরণযাত্রার উদ্বোধন করেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক। স্মরণযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সেলিন আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বেলা ১১টায় পুরাতন কলা ভবনের সেট ল্যাব কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ‘সেলিম আল দীন ও বাংলা নাট্যের বিঔপনিবেশিক আত্মপরিচয়’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক হারুন অর রশীদ খান। আলোচনায় অংশ নেন একই বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান অর্ক এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ নিজার।
১৯তম প্রয়াণ দিবস উদযাপন পর্ষদের আহ্বায়ক ছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রৌফ শৈবাল। তিনি বলেন,
'সেলিম আল দীনের নাট্য দর্শন আজকের সময়েও সমান প্রাসঙ্গিক। বিশ্বায়নের যুগে যখন স্থানীয় সংস্কৃতি নানা চ্যালেঞ্জের মুখে, তখন তাঁর দর্শন আমাদের শিকড়কে ধরে রেখে বিশ্বমানের শিল্পচর্চা করার পথ দেখায়। তিনি শিখিয়েছেন নাটক মানুষের জীবনেরই প্রতিচ্ছবি, যেখানে সমাজের সত্যকে সাহসের সঙ্গে তুলে ধরতে হয়। তাই তাঁর প্রয়াণ দিবসে শুধু স্মরণ নয়, বরং নাট্যদর্শন চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।'
দিনব্যাপী এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।





