জাতীয় নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরিত হয়েছে। এটি শিগগিরই জাপানের সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং অনুমোদনের পর কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই চুক্তির মাধ্যমে জাপান ১,০৩৯টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, আর বাংলাদেশ পাবে ৭,৩৭৯টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার।
শেখ বশিরউদ্দীন বলেন, “চুক্তিটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্ভাবনার নতুন সুযোগ তৈরি করেছে। এর ফলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং প্রকৌশলী, চিকিৎসক, নার্স, কেয়ারগিভারসহ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।”





